
রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এই চারটি থানার মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। বাকি তিনটি স্থাপনেরও কাজ চলছে। গতকাল শুক্রবার রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এ কথা বলেন।
পুলিশের আবাসন ব্যবস্থাসহ থানা ও ফাঁড়ি তৈরির কার্যক্রম তুলে ধরে মো. সরওয়ার বলেন, ‘গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনব্যবস্থা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের এক হাজার ৬০০ ও ডেমরা পুলিশ লাইনে এক হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইনসে ২০ তলা একটি ব্যারাক আছে, যা আমরা গত মাসে উদ্বোধন করেছি। এতে ছয়তলা পর্যন্ত ব্যারাকে দুই হাজার ২০০ ফোর্স থাকবে। পূর্বাচলে ২০ তলা একটি ভবন আছে পুলিশ সদর দপ্তরের। ওইখানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকছে ৮০০ থেকে ৯০০।’
‘এরপর দিয়াবাড়িতে পুলিশ লাইনস আছে ১০ একর জায়গায়। ওইখানেও ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগির নিয়ে যাব। এই ১০ একর জায়গায় আবাসন বর্ধিত করছি। বসিলা পুলিশ লাইনসে আগে তেমন কিছু ছিল না। গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইনসে ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনসে তা ভিড়পূর্ণ, সেটা আমরা স্থানান্তর করে নিয়ে যাচ্ছি, স্থানান্তরের কাজ চলছে। ওইখানে ১৫০ থেকে ২০০ পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপির একটি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে। এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে। ওটার কাজ চলছে। আর চতুর্থ হলো, বসিলাকে পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন।