
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও ইনিশিয়েশন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবুজ ও মনোরম পরিবেশে উৎসবমুখর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই হাজার-এরও বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইইউবিএটির মিশন ও ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকাসক্তি প্রতিরোধ সংস্থা (মানস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, প্রখ্যাত কর্পোরেট নেতা ও বিপণন বিশেষজ্ঞ ড. সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আয়মান সাদিক। অনুষ্ঠানে অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার মাশরুফা করিম।