ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে বাসটি তোলা হয়।

শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মালামাল বাসের ভেতরে ছিল, যা উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মালামালগুলো সংশ্লিষ্ট যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সবার প্রতি অনুরোধ আপনারা সচেতন থাকবেন। ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে যাবেন এবং লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী না ওঠে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে কবরী ফেরিতে ওঠার সময় ফেরির র‌্যাম্প ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।

রাজবাড়ী,পদ্মা নদী,বাস ডুবি,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত