
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন এবং এর আগেই নগরবাসী এসব প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করবে। গতকাল বুধবার সকালে সিডিএ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় প্রথম কার্যদিবসে তিনি দপ্তরে যোগ দিলে সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে বন্দরনগরীকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সিডিএর অধিকাংশ কর্মকর্তার নিজ জেলা চট্টগ্রাম হওয়ায় এ জেলার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই কেবল সরকারি দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নগরের উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই শহর আমাদের, তাই এর প্রতি দায়িত্বও আমাদের উল্লেখ করেন তিনি। নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই তিনি প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন বলেও জানান।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বেলায়েত হোসেন বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।