
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রানার-আপ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
গত শুক্রবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অডিটরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি আগামী ৯ জুলাই বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।
এবারের প্রতিযোগিতার বিষয় ছিল, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ’। বিষয়টির পক্ষে যুক্তি উপস্থাপন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তথ্যনির্ভর ও যুক্তিসমৃদ্ধ বিতর্ক শেষে বিচারকদের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা গত ১১ মে শুরু হয়। দেশের আটটি বিভাগ থেকে চারটি করে মোট ৩২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এতে অংশ নেয়। প্রথম পর্ব বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্ব ঢাকার পরিবেশ অধিদপ্তর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পরে সেরা দুই দল নিয়ে বিটিভি অডিটরিয়ামে চূড়ান্ত পর্ব আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি