
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এ কথা জানান।
পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকে গ্রেপ্তারও হয়েছে। নগরীতে স্ট্রাইকিং ফোর্স, পিকেটিং টিম রিজার্ভ থাকবে। আশা করি মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা হবে না। তিনি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে, এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। টার্মিনাল পরিদর্শনকালে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।