
চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় ভূগর্ভস্থ গ্যাসলাইন থেকে হঠাৎ গ্যাস বের হয়ে আসতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার দুপুরে ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে নালার ভেতরের গ্যাস লাইনে আগুন ধরে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পাইপ ফাটার কারণ সম্পর্কে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইনটি ফেটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কর্মীরা এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে প্রয়োজনীয় মেরামত কাজ করছে।