
মাদক মামলায় ভাগ্নে মিঠুনের পাঁচ বছরের সাজার রায় শুনে মারা গেলেন মামা আইয়ুব আলী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে তাকে পাশেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক এসএম রাশেদুল হাসান বলেন, ‘আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন।’ প্রায় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা উদ্ধারের মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ এর বিচারক নজরুল ইসলাম ৯ আসামিকে পাঁচ বছরের সাজা দেন।
আইয়ুব আলীর ভাগ্নে মিঠুরও পাঁচ বছরের সাজা হয়। মিঠুর সঙ্গে তার মামাও আদালতে আসেন।
সংশ্লিষ্ট আদালতের ওমেদার শহীদুল ইসলাম বলেন, ‘রায়ের পর মিঠুর সঙ্গে তার মামা কথা বলেন। এরমাঝেই বৃষ্টি শুরু হয়। দেখি উনি কেমন যেন করছেন। বিষয়টি আদালতকে অবহিত করি। আদালত তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে কোর্টের দুই জন ও পুলিশের দুই সদস্য তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।