
উৎসব ও আনন্দমুখর পরিবেশে গতকাল শনিবার সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সকাল ১১টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। ৪০ মিনিটের ম্যাচে সিএসই বিভাগ আইএসএলএম বিভাগকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। দুপুর ১২টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার দ্বিতীয় ম্যচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৩-৩ গোলে ড্র এর মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি হয়। এছাড়া দুপুর ২টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই মাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সিএসই বিভাগকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। আজ রবিবার বিকাল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকাল ৫টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি