ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জলাবদ্ধতায় ভাঙছে সড়ক দুর্ভোগে নগরবাসী

জলাবদ্ধতায় ভাঙছে সড়ক দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও সড়ক ধসেও গেছে। ফলে ক্ষয়ক্ষতির পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে গত দুই দিনের ভারী বৃষ্টিতে গুলশান লেকের পানি উপচে সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। পানির তীব্র স্রোতে গত রোববার সকাল থেকে সড়কের একটি অংশ ধসে পড়তে থাকে। গতকালও পানির স্রোত থাকায় সড়কটির ভাঙনের পরিধি আরও বেড়ে যায়। দুই স্থানে বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে সড়কটির এক পাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে পানির মধ্যে চলাচল করা গেলেও সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে রাজধানীর ধোলাইখাল-সংলগ্ন নারিন্দা মোড়ে ওয়াসার পুরোনো পানির পাইপ ফেটে গেছে। এতে নিচের মাটি সরে গিয়ে সড়ক ধসে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকবেই। কারণ, পানির কারণে শুধু সড়কের ওপরের বিটুমিন স্তর নয়, নিচের সাবগ্রেড বা ভিত্তিমাটিও দুর্বল হয়ে পড়ে। যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ঝুঁকি শুধু সড়কের মধ্যে সীমাবদ্ধ নয়। নিচু ভূমি ভরাট করে নির্মিত অনেক ভবনও দীর্ঘ সময় জলাবদ্ধতায় থাকলে ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে যেসব এলাকায় কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে, সেখানে এ ঝুঁকি বেশি। কথা হলে নগরপরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, সড়কে দীর্ঘসময় পানি জমে থাকলে তা ক্ষতিগ্রস্ত হবেই। তাই জলাবদ্ধতা দ্রুত নিরসনে পদক্ষেপ নিতে হবে। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, তিনি বৈঠকে আছেন। খোঁজ নিয়ে জানা যায়, জলাবদ্ধতা ও এর ক্ষয়ক্ষতি নিরসনে ডিএসসিসির সংশ্লিষ্টরা দফায় দফায় বৈঠক করে করণীয় নির্ধারণ করছেন।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আগেই জানিয়েছেন, জলাবদ্ধতার স্থায়ী নিরসনের লক্ষ্যে ডিএসসিসির সঙ্গে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, আইডব্লিউএম ঢাকা দক্ষিণ এলাকার একটি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরির কাজ করছে। জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, অতি ভারী বৃষ্টির কারণে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কসহ কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত