
নগরীর মডার্ন মোড় এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অরুণা বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নগরীর মডার্ন মোড়ের অর্জন এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় অরুণা বালাকে গাড়িটি ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অরুণা বালা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পরবাশুর স্ত্রী। এদিকে ঘটনার পরপরই পুলিশ চালক ও সহকারীকে আটক করে। আটক চালক মোহাম্মদ মোরসালিন গঙ্গাচড়া উপজেলার হাবু কুটিরপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তার সহকারী আবু বক্কর একই উপজেলার গিদের বাজার এলাকার আনোয়ারুলের ছেলে।