
রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত বুধবার বিকালে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) নামে পাচার চক্রের ওই হোতাকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। মাহাফুজ উল্লাহ কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।