ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, আমি স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশেও মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। তিনি বলেন, আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা, আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শিশু-কিশোরদের জন্য আমরা যদি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও একদিন বাংলাদেশের পতাকা উড়বে। গতকাল শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, ফুটবল শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, সহনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনার অন্যতম বড় শিক্ষা। মাঠের এই শিক্ষা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে সহায়তা করে। তাই খেলাধুলাকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও দেখতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল পেশা। প্রতিদিন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও খেলাধুলার মতো ইতিবাচক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া প্রমাণ করে, সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়।

জেলা প্রশাসক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা সুযোগের অভাবে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় না। তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা, দক্ষ কোচ, আধুনিক প্রশিক্ষণ এবং পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকেও বিশ্ব কাঁপানো ফুটবলার উঠে আসবে। তিনি বলেন, আজ আমরা টেলিভিশনে মেসি, নেইমার কিংবা রোনালদোর খেলা দেখে অনুপ্রাণিত হই। আমি বিশ্বাস করি, একদিন বিশ্বের মানুষও বাংলাদেশের কোনো ফুটবলারের খেলা দেখে অনুপ্রাণিত হবে। জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, গণমাধ্যম এবং সমাজের সবাইকে খেলাধুলার প্রসারে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত