ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কনসার্টের টিকিট প্রতারণায় গ্রেপ্তার ১

কনসার্টের টিকিট প্রতারণায় গ্রেপ্তার ১

অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা অভিযোগে আবিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত রাজধানীর রামপুরা থানা এলাকার মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল খালেক খানের ছেলে মো. বখতিয়ার আবিদ খান (২১)। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গতকাল এ তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ আইএনসি আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করে।

কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা গেটমাইটিকিট.লাইভণ্ডএর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ আইএনসি’র ফেসবুক পেজে প্রচারণা শুরু করে।

এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট ও ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন একে আবিদ খান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে ১ লাখ টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ আইএনসি’র ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।

এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত