
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া একটি সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন বিএনপির নেতাকর্মীরা।
উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকার সড়কটি সংস্কারের ফলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার কারণে গত প্রায় তিন সপ্তাহ ধরে কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। এতে চরম বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে মুমূর্ষু রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং চাকরিজীবী ও শিক্ষার্থীদের যাতায়াত স্থবির হয়ে পড়ে। সড়কটি মেরামত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
উদ্যোক্তা ও বিএনপি নেতা মো. শহিদুল আলম বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা কাজটি করেছি। কয়েকটি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও জনকল্যাণমূলক কাজে আমরা স্থানীয় মানুষের পাশে থাকব।
রাজনৈতিক নেতাকর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
আনোয়ারা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসা উচিত। এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।