
বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার জানতে চাইছেন- কত ওজন, কত দাম? চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে এমন কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল বৃহস্পতিবার সকালে মাছটি নিয়ে আসেন বাজারের মাছ বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল বিকালে বাজারে গিয়ে পাওয়া গেল তাকে। আনোয়ার হোসেন জানান, মাছটি সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়েছে। ২০১৯ সালের পর এত বড় কোরাল আর পাননি। চার থেকে পাঁচ বছর পর আবার এমন একটি মাছ বাজারে তুলতে পেরেছেন। আগ্রহী ক্রেতাদের আগাম বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বড় আকৃতির কোরাল খুব কমই বাজারে আসে। তাই ১৫৫ কেজি ওজনের এ মাছ দেখতে বাজারে ভিড় করছেন অনেকেই। মাছটি শনিবার সন্ধ্যায় কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে ১৫৫ কেজির পুরো মাছটির দাম দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। জেলা মৎস্য দপ্তর জানায়, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠের ও পেছনের পাখনা লেজের দিকে অনেকটা বিস্তৃত হওয়ায় দূর থেকে এটিকে তিনটি লেজযুক্ত মাছ মনে হয়। মাথা ও মুখ তুলনামূলক ছোট, আর গায়ে বাদামি রঙের ছোপ রয়েছে।