
রাজধানীর গুলশান আবাসিক এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গুলশান সোসাইটি লেক পার্কে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুলশান এলাকায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পরিকল্পিত ও পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি ভবনে যথাযথভাবে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপন অপরিহার্য। রাজউক আইন ও বিধি-বিধান অনুযায়ী এসব অবকাঠামো স্থাপন বাধ্যতামূলক এবং এ বিষয়ে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুলশান লেকসহ রাজধানীর অন্যান্য জলাশয়সমূহ সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে গুলশান সোসাইটির জন্য পৃথক প্রেজেন্টেশনের আয়োজন করা হবে। সেই প্রেজেন্টেশনে সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন ব্যয়, প্রয়োজনীয় স্থান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান এলাকার পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।