
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচকে ঘিরে শুক্রবার বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের সমাগমে নদীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গত শুক্রবার বিকালে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ নৌকা বাইচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। শত শত নৌকা ও ট্রলারে পরিবার-পরিজন নিয়ে নাগরিকরা বুড়িগঙ্গায় অবস্থান নেন। এতে বুড়িগঙ্গা পরিণত হয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মিলনমেলায়। নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।