
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ হয়ে গেছে। ওই দুটি কারখানায় কর্মরত ছিলেন এক হাজার ৪৪ জন শ্রমিক। আরও পাঁচটি শিল্পকারখানার গ্যাসনির্ভর ইউনিট আংশিক বন্ধ রাখা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কারখানা দুটি হলো ভালুকার কাঠালী এলাকার ওসমান গ্রুপের রাসেল স্পিনিং মিল এবং এক্সিলেন্ট টাইলস। রাসেল স্পিনিং মিলের সংশ্লিষ্ট ইউনিটে ৬৭২ জন শ্রমিক কাজ করতেন। অন্যদিকে এক্সিলেন্ট টাইলসে কর্মরত ছিলেন ৩৭২ জন। রাসেল স্পিনিং মিলস কর্তৃপক্ষ গত বুধবার থেকেই শ্রমিকদের ছুটি দিতে শুরু করে। পরে গত বৃহস্পতিবার পুরো ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।