
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীর চিকিৎসায় রক্ত দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্য মে. আরিফুল ইসলাম। জরুরি সময়ে তার দেওয়া রক্তে চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় মোছা. খাদিজা খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর স্বজনরা জানান, আকস্মিক শারীরিক জটিলতায় খাদিজা খাতুনের চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার পরামর্শ দেন। এদিকে প্রয়োজনীয় রক্ত সংগ্রহে রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিলেন না। এতে রোগীর চিকিৎসা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় বিষয়টি জানতে পারেন যশোর সদর ইউএনও গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। রোগীর জরুরি রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে তিনি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি