
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত-নিহত শহিদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস-এ নির্মিত 'অপরাজিতা' বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, ফ্ল্যাটের বরাদ্দপত্র শহিদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহিদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ দুটি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতারাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড (এসকেসিডি)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি