
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জ পুলিশে গঠন হচ্ছে 'কুইক রেসপন্স টিম' (কিউআরটি)। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এসব টিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিআইজি কার্যলয়ের হলরুমে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে এ 'কুইক রেসপন্স টিম' (কিউআরটি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে। সভায় প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়।
রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ, রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।