
রাজধানীর কামরাঙ্গীরচর, ডেমরা ও বংশাল এলাকায় পৃথক ঘটনায় গৃহিণীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন— কামরাঙ্গীরচরের স্বপ্না বেগম (৩৮), ডেমরার পপি (৩৫) এবং বংশালের হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তিনটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
কামরাঙ্গীরচরে গৃহিণীর লাশ উদ্ধার : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বপ্না বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী খাজা জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় সন্তানরা বাইরে ছিল। পরে বাড়ির ম্যানেজার তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বপ্না ও খাজার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার : বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডেমরার হাজী বাদশা মিয়া রোডের 'আমার ভুবন' ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে পপি (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোসলের কথা বলে বাথরুমে প্রবেশের পর দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় স্বজনদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।