
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২০০টি ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, বায়ুদূষণ ও নগরীর অপরিচ্ছন্নতা মোকাবিলায় ডিএসসিসির সাপ্তাহিক 'ক্লিনিং ডে' কর্মসূচির আওতায় রাজধানীর ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক 'ক্লিনিং ডে' এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে নগরীর সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে।
বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব। ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।