
'শিক্ষকদের পাশে থেকো : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর' এমন প্রতিপাদ্যের প্রতি নিজেদের একাত্মতা প্রকাশ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। গত সোমবার কলেজের অধ্যক্ষ ফারহানা রেজার নেতৃত্বে স্বপ্নপূরণের মহান কারিগর বিশ্বের সব শিক্ষকদের প্রতি জ্ঞাপন করা হয় শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ক্যাম্পাসে প্রিয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছায় বরণ করেন ক্ষুদে শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করতে কেক কাটা ও 'টিচার অব দ্য মান্থ' সম্মাননার আয়োজন করা হয়। শিক্ষকদের অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে 'টিচার অব দ্য মান্থ' অনুষ্ঠানে নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাতে সম্মাননা সনদ তুলে দেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারহানা রেজা এবং পরিচালক নূর ই আলম আজাদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি