
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে 'গ্লোবাল সাউথ-জাপান টেক ট্যালেন্ট ইন্টার্নশিপ' বিষয়ক অন-ক্যাম্পাস ক্যারিয়ার ইভেন্ট গত সোমবার অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানের আটটি কোম্পানির সঙ্গে সংযুক্ত করা হয়, যাতে তারা প্রযুক্তিবিষয়ক ইন্টার্নশিপ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো সম্পর্কে জানতে পারে। GS-JTI সচিবালয়, ডেলয়েট তোহমাতসু ভেঞ্চার সাপোর্ট ও কোয়েই রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সহায়তায় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই কর্মসূচি আয়োজন করে। এর লক্ষ্য হলো 'গ্লোবাল সাউথ' বা উন্নয়নশীল অঞ্চলের উদীয়মান প্রযুক্তি-প্রতিভাদের সঙ্গে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করা, যারা প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ জনবল এবং নতুন দৃষ্টিভঙ্গির সন্ধানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। GS-JTI সচিবালয়ের মি. তাতসুয়া ইয়ামাদা কর্মসূচির সার্বিক পরিচিতি এবং জাপানে কাজ করার আকর্ষণীয় দিকগুলো তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি