
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস ২০২৬) ও 'সিটি ব্যাংক প্রেজেন্টস ফার্মা ফেস্ট ২০২৬'-এর ১৩তম আসর সম্পন্ন করেছে। গত সোমবার তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। সম্মেলনে ১১টি দেশের ৩০ জন আন্তর্জাতিক বক্তা, গবেষক ও অনুসন্ধানী গবেষকসহ শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন। এতে ওষুধবিজ্ঞানের উদ্ভাবন ও বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, ফার্মা ফেস্টে বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা তুলে ধরা হয়। ফার্মা ফেস্টের আয়োজনের সহ-উদ্যোক্তা ছিল জিহু সিএফমোটো।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জনাব রাব্বুর রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, সম্মেলনের সহসভাপতি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব ফার্মেসির ডিন ড. নুসাইবাহ আবদুল রহিম, এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জনাব রাব্বুর রেজা বলেন, ওষুধবিজ্ঞানে উদ্ভাবনের প্রকৃত সার্থকতা নির্ভর করে সেই উদ্ভাবন মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না এবং মানুষের জীবন উন্নয়নে ভূমিকা রাখছে কি না, তার ওপর। তিনি বলেন, যেকোনো উদ্ভাবন, আবিষ্কার বা গবেষণার প্রকৃত মূল্যায়ন করতে হলে তিনটি প্রশ্নের উত্তর জানতে হবে, মানুষ সেটি কেনার সামর্থ্য রাখে কি না, সেটি পাওয়ার সুযোগ আছে কি না এবং তা কারও জীবন বদলে দিতে পারে কি না। ওষুধবিজ্ঞান শুধু বৈজ্ঞানিক উৎকর্ষের বিষয় নয়; বরং এর মাধ্যমে কত মানুষের জীবন উন্নত করা যায় এবং কত মানুষের কাছে পৌঁছানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
সম্মেলনে অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, সব অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ১১টি দেশের প্রতিনিধিত্ব এবং ৩০ জন আন্তর্জাতিক বক্তা, গবেষক ও অনুসন্ধানী গবেষকের অংশগ্রহণ আইসিপিএস ২০২৬-কে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মেলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, সহসভাপতি ড. নুসাইবাহ আবদুল রহিম এবং বিশেষ অতিথি অধ্যাপক দীপক কুমার মিত্র ও অধ্যাপক নেছার ইউ. আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) ফ্যাকাল্টি উপদেষ্টা অদিত মুক্তাদির পাভেল। পরে সম্মেলন ও ফার্মা ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এনএসইউর ফার্মাসিউটিক্যাল ক্লাব ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের যৌথ আয়োজনে ফার্মা ফেস্ট ২০২৬-এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড, পোস্টার উপস্থাপনা, স্টল প্রদর্শনী, ফার্মা ওয়াক এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান।
ফার্মা ডিবেট ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি 'বি' দল। দলের সদস্য ছিলেন রুবাবা হাফিজ শশী, আরশা রশিদ ও ফাহমিদা আফসান চৌধুরী। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন আরশা রশিদ। লামিসা নুসরাত, সারা জুবায়ের ও আহমেদ ইব্রাহিমের সমন্বয়ে গঠিত এনএসইউ 'এ' দল প্রথম রানার-আপ এবং ইউসুফ ইব্রাহিম খান, জানিতা ইসলাম জারিন ও সাদিয়া জাহান তাসমিমের সমন্বয়ে গঠিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) 'এ' দল দ্বিতীয় রানার-আপ হয়েছে।