
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল ধরনের চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি