ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউ'র সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

কেকেবিএইউ'র সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, আধুনিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর গ্রন্থাগারসেবার গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি অটোমেশনের মাধ্যমে বই অনুসন্ধান, তথ্য সংরক্ষণ ও পাঠকসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য ও পাঠসামগ্রী সহজেই খুঁজে পাবেন এবং জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসেবাকে আধুনিকায়নের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। লাইব্রেরি অটোমেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় বই ও অন্যান্য পাঠসামগ্রীর তথ্য ব্যবস্থাপনা, পাঠকসেবা প্রদান এবং গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম পরিচালনায় আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজলভ্য গ্রন্থাগারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকেবিএইউ'র লাইব্রেরিয়ান (ইন-চার্জ) ফারজানা শারমিন আনিকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত