
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, শিক্ষা জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও জরুরি। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। গত শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ফকির মাহবুব আনাম স্বপন বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মাণ করা হচ্ছে। নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। মাদক নিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সবাইকে খেলাধুলার প্রতি নজর দিতে হবে। স্কুলের পরে ছেলে-মেয়েরা কি করে তা অভিভাবকদের নজর দিতে হবে। আমাদের ছেলে-মেয়েরা কি ফোন ব্যবহার করে তা খেয়াল করতে হবে। ছেলে মেয়েদের যত বেশি নজর রাখবেন তত বেশি ভালো থাকবে। এ সময় অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।