
মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, নিম্নমানের হেলমেট ব্যবহার নিরুৎসাহিতকরণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 'মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন' প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচি গতকাল বুধবার ঢাকা মহানগরীর তেজেগাঁও শিল্পাঞ্চল এলাকায় পালন করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিএসটিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই'র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত মোটর সাইকেল এবং ইন্ড্রাস্ট্রিয়াল হেলমেট। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের মৃত্যু ঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের, অনুপযুক্ত এবং সস্তা হেলমেট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে। তাই মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট নির্বাচন ও ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, বিএসটিআই দেশের পণ্য ও সেবার মান প্রণয়ন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং মানসম্পন্ন পণ্যের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হেলমেটের মতো নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ এবং মানসম্মত পণ্য ব্যবহারের গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিজ্ঞাপ্তিতে বলা হয়, কর্মসূচিতে মোটরসাইকেল চালক, আরোহী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে নিম্নমানের হেলমেট ব্যবহার থেকে বিরত থাকা, হেলমেট কেনার সময় বিএসটিআই'র মানচিহ্ন ও প্রাসঙ্গিক তথ্য যাচাই করা এবং সড়কে চলাচলের সময় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএসটিআই ও ডিএমপি জনস্বার্থে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।