
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে 'কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)' পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। খাল উদ্ধারের অংশ হিসেবে প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। ডিএসসিসির অঞ্চল-০৯ এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১.৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮,৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি