
ঢাকা মহানগরীর কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কমিটি গঠন এবং আকস্মিক পরিদর্শনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাবকে যুক্ত করে পরিচ্ছন্নতা কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে।
গম্প্রতি এ বিষয়ে অধিদপ্তর থেকে একটি দাপ্তরিক চিঠি প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে। গত ৩১ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১৬ নভেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চিঠি পাঠায়। এর ধারাবাহিকতায় ১৯ নভেম্বর অধিদপ্তর নিজস্ব আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরীর সব কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাবকে যুক্ত করে পরিচ্ছন্নতা কমিটি গঠন করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করতে নিজ নিজ অধিক্ষেত্রে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন দল গঠন করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের গঠিত দল অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে আকস্মিক পরিদর্শন করবে। পরিদর্শনের পর মতামত ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া, ঢাকার সব বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভা-সংক্রান্ত কার্যপত্রে দেখা যায়, সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দ্রুত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার ঘাটতি বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কারপত্র দেওয়া হবে। পাশাপাশি দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত রয়েছে। ঢাকার সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এক মাসের মধ্যে দুই সিটি করপোরেশনের ২০টি ওয়ার্ডকে আদর্শ পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে ওয়ার্ড এ কর্মসূচির আওতায় থাকবে। এছাড়া প্রতিটি আঞ্চলিক দলকে অন্তত তিনটি হটস্পটকে আদর্শ পরিচ্ছন্ন স্থানে রূপ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ নম্বর অঞ্চলের ডেমরা এক্সপ্রেসওয়ের আবর্জনা জরুরি ভিত্তিতে পরিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই এলাকার বেহাল খাল পুনঃখনন করে পাশে হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৭ ও ৯ নম্বর অঞ্চলের কয়েকটি সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি ও পিলার দ্রুত সরানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।