
রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে আদিশহর মাহিগঞ্জে পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সংস্কার করে 'শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল' নামে মা ও শিশু'র প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, ডাঃ ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা। শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে সপ্তাহে ৩ দিন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিবেন এবং প্রতিদিন চলবে টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রমসহ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। এছাড়া প্রতিদিন এখানে টিকা কার্যক্রম চলছে। দ্রুতই আমরা এখানে একজন শিশু ও একজন মেডিসিন বিশেষজ্ঞ আনার চেষ্টা করবো। এটি হলে আগামীতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের টাকা খরচ করে ও বাড়তি সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না। আমরা চাই প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। এই হাসপাতাল চালুর মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম আমরা সম্পন্ন করলাম।