ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও চিন্তাশক্তিতে বাধাগ্রস্ত না করে : উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও চিন্তাশক্তিতে বাধাগ্রস্ত না করে : উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'অ্যাডাপ্টিং ইউনিভার্সিটি-লেভেল এডুকেশন ফর দ্য এজ অব এআই' শীর্ষক সেমিনার আজ ২৭ নভেম্বর ২০২৬ খ্রি. (শুক্রবার) সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য ও বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ শিক্ষা ও জ্ঞানচর্চার প্রচলিত ধারায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এ পরিবর্তিত বাস্তবতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করে তোলা জরুরি। শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিনির্ভর জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের পাশাপাশি এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন শিক্ষার্থীদের নিজস্ব মেধা, চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করছে কি না এবং অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে কি না, তা মূল্যায়নে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন ও কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও অভিজ্ঞতানির্ভর শিখন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ের বাস্তবতা; একে উপেক্ষা করার সুযোগ নেই। তবে এ প্রযুক্তি সবসময় নির্ভুল বা সঠিক সমাধান দেবে, এমনটিও নয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান, বিচার-বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গড়ে তুলতে হবে। অন্যথায় শিক্ষালাভ ও জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে নির্ভরশীলতা ও ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, শিক্ষাদান কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সঙ্গে শিক্ষকদের পরিচিতি ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ প্রযুক্তির যথাযথ ব্যবহার দ্রুত আয়ত্ত করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনে পিছিয়ে না পড়ে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্যের বিষয়ভিত্তিক উপস্থাপনার পর অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের সক্রিয় আলোচনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত