
দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের ভিত্তি তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল সোমবার আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করা হয়।
অনুষ্ঠানে নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে খসড়া ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান (ইপিএসএমপি) ২০২৫’ সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, সিপিডি, ক্যাব, বাপা, বিএসআরইএ, বিজিইএফসহ বিভিন্ন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনার্জি গভর্নেন্স বিভাগের সমন্বয়ক নেওয়াজুল মওলা।
মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের জ্বালানি ব্যবস্থাকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য অন্তর্বর্তী সরকার এমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, যা পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নিতে পারতো। কেন এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ভিত্তি তৈরি করা হলো না, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারপ্রধানের আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘থ্রি জিরো’- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ- এই তিন লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পর্যায়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়ে জনগণকে শ্বেতপত্রের মাধ্যমে অবহিত করা সরকারের দায়িত্ব। অথচ জ্বালানি মাস্টার প্ল্যানের খসড়ায় এখনও জীবাশ্ম জ্বালানি নির্ভর কৌশলই প্রাধান্য পাচ্ছে, যা জলবায়ু ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের জন্য উদ্বেগজনক।