
দেশের বিনিয়োগ সেবাকে একীভূত, দ্রুত ও সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘বাংলাবিজ ২.০’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে। আর এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি একক, পূর্ণাঙ্গ ও ব্যবহারবান্ধব ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল রোববার ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাবিজ প্ল্যাটফর্মের দ্বিতীয় সংস্করণ (বাংলাবিজ-ফেজ ২) উদ্বোধন করা হয়। এতে দেশি ও বিদেশি বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। এসময় নতুন সংস্করণের মূল কার্যকারিতা ও বিনিয়োগ সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি উপস্থাপন করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাবিজের প্রথম সংস্করণ চালু করা হয়, যেখানে বিডা, বেজা, বেপজা, বিএইচটিপিএ ও বিসিকের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালগুলো একীভূত করে বিনিয়োগকারীদের জন্য একটি তথ্যভিত্তিক ডিজিটাল প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল।
বাংলাবিজ ২.০-তে যুক্ত হওয়া নতুন সুবিধার ফলে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়েছে।
‘বিজনেস স্টার্টার প্যাকেজ’-এর আওতায় নেম ক্লিয়ারেন্স, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন ও ট্রেড লাইসেন্সসহ পাঁচটি প্রধান অনুমোদন এখন একটি মাত্র আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এতে মাত্র তিন কার্যদিবসের মধ্যেই ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।