
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এই ঊর্ধ্বমুখী বাজারে দাম বাড়ার তালিকায় থাকা ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় দিনের সর্বোচ্চ দামে বিপুল ক্রয় আদেশ আসলেও এই প্রতিষ্ঠানগুলোর বিক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্য সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের প্রথম আধাঘণ্টার মধ্যেই এক ডজন প্রতিষ্ঠানের শেয়ার দিনের সর্বোচ্চ দামে চলে আসে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পরিমাণ দাম বাড়ার তালিকাও বড় হতে থাকে। এতে লেনদেনের শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, জাহিন স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিএনএ টেক্সটাইল, মাইডস ফাইন্যান্স, এবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, একটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি, সাইফ পাওয়ার টেক, ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামেলি টেক্সটাইল, রিং শাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং এপোল ইস্পান এই ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বড়ার সর্বোচ্চ সীমায় লেনদেন হয়। এই আড়াই ডজন প্রতিষ্ঠান দাপট দেখানোর পাশাপাশি আরও বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লেখায় সিংহভাগ প্রতিষ্ঠান। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।