
বাংলাদেশের পুঁজিবাজারে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ডিএসইর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং আইআইএক্স-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর দুররীন শাহনাজ। এই অংশীদারিত্বকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার-স্মার্ট এবং জলবায়ু-সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সমঝোতা স্মারকের আওতায়, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডিএসই একটি স্বতন্ত্র থিম্যাটিক বা টেকসই অর্থায়ন শ্রেণির অধীনে অরেঞ্জ বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাই করবে। একই সঙ্গে বাজার প্রস্তুতি বৃদ্ধি, বিনিয়োগকারী সচেতনতা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে অরেঞ্জ ইনস্ট্রুমেন্টকে একটি বিশ্বাসযোগ্য থিম্যাটিক ঋণ সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া যৌথ অ্যাডভোকেসি, বাজার প্রসার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা, বিনিয়োগকারী সম্পৃক্ততা কর্মসূচি এবং নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে নীতিগত সংলাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সব কার্যক্রম দেশের বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মিসেস নুজহাত আনোয়ার বলেন, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারসমূহে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআইএক্স-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী আর্থিক উপকরণ চালু এবং সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টিকারী টেকসই অর্থায়ন প্রসারে ডিএসই অঙ্গীকারবদ্ধ।
আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও প্রফেসর দুররীন শাহনাজ বলেন, বাংলাদেশের আর্থিক বাজারকে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। ডিএসই-এর সঙ্গে যৌথভাবে অরেঞ্জ পুঁজিবাজার অগ্রসর করার উদ্যোগ লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থায় আস্থা ও স্বচ্ছতা জোরদার করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইআইএক্স-এর পরিচালক দেবাশীষ রায়, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাডভাইজরি অরুপ দত্ত ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।