
জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ শুমারি ও জরিপ পরিচালনা করে থাকে। এর মধ্যে জনশুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক কার্যক্রমগুলোর একটি হলো অর্থনৈতিক শুমারি। সে বিবেচনায় বিবিএস ‘অর্থনৈতিক শুমারি-২০২৩’ শীর্ষক প্রকল্পের আওতায় সর্বশেষ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। পরবর্তীতে দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ ও ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায়, বিবিএস কর্তৃক ১০ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ সময়ে দেশব্যাপী ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। এ শুমারিতে দেশের প্রতিটি অর্থনৈতিক ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে আধুনিক Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ইলেকট্রনিক ডিভাইস (ট্যাবলেট) দিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে। শুমারি সমাপ্তির প্রায় এক মাসের মধ্যেই, ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে প্রাথমিক প্রতিবেদন (প্রিলিমিনারি রিপোর্ট) প্রকাশ করা হয়। পরবর্তীতে Bangladesh Standard Industrial Classification (BSIC) Ges Bangladesh Central Product Classification (BCPC) অনুযায়ী কোডিং, তথ্য বিশ্লেষণ, যাচাই-বাছাই এবং জাতীয় শিল্পনীতি ২০২২ অনুসারে শিল্প ক্যাটাগরিতে বিন্যস্তকরণসহ বিস্তারিত তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ শেষে ন্যাশনাল রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়, যা এযাবতকালে স্বল্পতম সময়ে রিপোর্ট প্রস্তুত ও প্রকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফরহাদ সিদ্দিক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ আলেয়া আক্তার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং এসএম শাকিল আখতার, সচিব, পরিকল্পনা বিভাগ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি