
দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের নিয়ে ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ আয়োজন করেছে ব্র?্যাক ব্যাংক। বাংলাদেশে নারী-নেতৃত্বাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর উদ্যোক্তা উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেওয়া। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এখন পর্যন্ত ৫০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন। ১৩ মে ২০২৬ ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এই উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎ-কর্মপরিকল্পনা তৈরি করেন। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে, যা দেশে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি