ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ

বললেন বিএসইসি চেয়ারম্যান
মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ

শেয়ারবাজারে সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, পুঁজিবাজারের কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন নিশ্চিত করা এবং আইপিও প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। বাজারের সব অংশীজনের সহযোগিতায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা হবে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। একইসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদ বিএসইসির নবনিযুক্ত তিন কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে কমিশন একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। কমিশনের মূল লক্ষ্য হবে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা।সৌজন্য সাক্ষাতকালে ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত