
ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সেখানে তিনি ব্যাংক হিসাব খুলতে টিআইএন নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছেন। এটি বাজেটের অন্যতম বড় সিদ্ধান্ত। নতুন প্রস্তাব অনুসারে, যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে। তবে এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন- শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেওয়ার সময় এই টিআইএন সনদ দেখাতে হবে না।
আবার নো ফ্রিলস অ্যাকাউন্ট যেমন- ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা সুবিধা নেওয়ার জন্য যত হিসাবসহ পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন দেখানোয় অব্যাহতি দেওয়া হয়েছে। দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব আছে। নতুন করে যারা হিসাব খুলবেন তাদের ওপর টিআইএন খোলার খড়গ নামতে পারে।