ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে দিতে হবে না কর

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে দিতে হবে না কর

ব্যক্তিশ্রেণির কোনো করদাতা তার আয়ের কোনো অংশ ‘সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে’ দান করলে সে আয়ের ওপর কোনো কর দিতে হবে না। তবে শর্ত হল, ওই অর্থ দিতে ব্যাংকের মাধ্যমে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে এ বিধান যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট কিছু ট্রাস্ট প্রতিষ্ঠানে এ ধরনের দানে কর রেয়াত মিলত; পরে অন্তর্বর্তীকালীন সরকার তা বাদ দেয়।

গত অর্থবছরে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করা আয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা অর্থের ক্ষেত্রে এই রেয়াতি সুবিধা দেওয়া হয়। এখন তার সঙ্গে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ এর দান যুক্ত হল।

এছাড়া রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ (২০১২ সনের ১৫ নং আইন) এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিলে নির্দিষ্ট পরিমাণ দানের টাকাতেও কর রেয়াত মিলবে। ওই নির্দিষ্ট পরিমাণ হল- কোম্পানির আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ বা ৮ কোটি টাকা এ দুইয়ের মধ্যে যেটা কম। আর কোম্পানি ছাড়া অন্য যে কোনো করদাতার আয়ের ১০ শতাংশ বা ১ কোটি টাকা-এই দুইয়ের মধ্যে যেটা কম। পাশাপাশি সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানের টাকাও রয়েছে কর ছাড়ের তালিকায়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় এ বিষয়ে সামান্য ইঙ্গিত দিলেও তার বিস্তারিত তুলে ধরেননি। তিনি ১১টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর রেয়াতের কথা বললেও সেসব প্রতিষ্ঠানের নাম বলেননি।

মন্ত্রী বলেন, ‘করদাতাদের দাতব্য ও জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত