
রূপালী ব্যাংক পিএলসির ইনোভেশন টিমের উদ্যোগে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নের লক্ষ্যে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ২০২৫-২৬ এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে সরকারি পর্যায়ে যেসব সেবা প্রদান করা হয়, সেসব সেবাকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সেবার উৎকর্ষ সাধন, উদ্ভাবনী ধারণা সৃষ্টি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের জন্য উত্তম সেবা নিশ্চিত করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি