
ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হলেন মো. আখতার হোসেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় নতুন স্বতন্ত্র পরিচালক মো. আখতার হোসেন অংশগ্রহণ করেন। মো. আখতার হোসেন এর বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি-তে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। তিনি এক্সিম ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) হিসেবে এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি