ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১৪ হাজার কৃষকের জন্য বীজ ও সার বিতরণ কর্মসূচি

সিরাজগঞ্জে ১৪ হাজার কৃষকের জন্য বীজ ও সার বিতরণ কর্মসূচি

সিরাজগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার মৌসুমি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে।

বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম।

এ সময় তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে তারা উৎসাহিত হবেন। এতে মৌসুমি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার মামুন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা, উপজেলা কৃষি অফিসার এস. এম. নাসিম হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা টি এম শাহাদত হোসেন ঠান্ডু প্রমুখ। এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সিরাজগঞ্জ পৌরসভা, শিয়ালকোল, সয়দাবাদ, খোকশাবাড়ি ও বহুলী ইউনিয়নের ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

পরবর্তীতে অন্যান্য ইউনিয়নের ১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বিতরণ কর্মসূচি,বীজ ও সার,১৪ হাজার কৃষক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত