
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক ও প্রাইভেট) মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে চারটি বিশ্ববিদ্যালয়ই ৮০১-১০০০ ব্যান্ডে অবস্থান করছে। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটির সীমা বিবেচনায় নিয়ে এ ধরনের গ্লোবাল ব্যান্ড ব্যবহার করা হয়। এ বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংসে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক মূল্যায়নের ক্ষেত্রে এটি অন্যতম স্বীকৃত র্যাঙ্কিং হিসেবে বিবেচিত হয়। এ বছরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি