
বাংলাদেশের ব্যাংকিং খাতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ঝুঁকি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার, পরিচালনা পর্ষদের কার্যকর তদারকি, স্বাধীন প্রধান ঝুঁকি কর্মকর্তা নিয়োগ এবং সম্পদের গুণগতমান ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অডিটোরিয়ামে আয়োজিত 'রিস্ক গভার্নেন্স ইন ব্যাংকস: অ্যাসেসিং ইটস ইম্প্যাক্ট অন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। তিনি বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক উভয় পর্যায়েই ঝুঁকি ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
ড. এজাজুল ইসলাম বলেন, সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনায় সুশাসন কেবল বিধিবিধান পরিপালনের বিষয় নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা।
ব্যাংকের পরিচালনা পর্ষদকে ঝুঁকি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে, ব্যবসায়িক ইউনিটগুলোকে ঝুঁকির দায়দায়িত্ব গ্রহণ করতে হবে, ঝুঁকি কর্মকর্তাদের স্বাধীনভাবে ঝুঁকি মূল্যায়ন ও চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে এবং নির্ভরযোগ্য অভ্যন্তরীণ নিরীক্ষা ও তদারকির মাধ্যমে তা যাচাই করতে হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো ও কার্যকর সুশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ঋণশৃঙ্খলা ও জবাবদিহিকে দুর্বল করে এমন মৌলিক প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোর সমাধান ছাড়া ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
মূল প্রবন্ধটি যৌথভাবে প্রণয়ন করেন বিআইবিএমের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জী ও অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। প্রবন্ধে ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক পর্যায়েই সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঋণ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক তদারকি জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।