ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বার্সেলোনা টেক্সটাইল এক্সপো

বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা 'বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬'-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। বার্সেলোনার বিশ্বখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ বাণিজ্য মেলার আজ শেষ দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে এবং চারটি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করছে। এ ছাড়া মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টলে রপ্তানিবিষয়ক বিভিন্ন প্রকাশনা, জার্নাল ও নথিপত্র প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এবারের মেলায় বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ বিশ্বের ১২টি দেশের ৩০০টিরও বেশি শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে। বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান, অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্পেনে বাংলাদেশ কমিউনিটির নেতারা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মেলায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লিমিটেড, সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা অ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড অ্যাটায়ার ট্রিমস।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জার্মানিকে অতিক্রম করে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার প্রতিফলন।

মেলায় বিভিন্ন ধরনের ওভেন ও নিটেড ফ্যাব্রিক, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। এতে বাংলাদেশের প্রদর্শিত তৈরি পোশাক ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত